রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বছর বয়সী সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন।
ডিবি কর্মকর্তা জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় সাজ্জাদ হোসেন মিশু মোল্লার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার সাজ্জাদ শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।
ওই ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন।
পরে বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।