রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের একটি চালান কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে নেওয়া হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি বিশেষ লরিতে করে শনিবার সকালে চালানটি রওনা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ইউরেনিয়াম বহনকারী লরিবহর বিমানবন্দর এলাকা ছাড়ে। চালানটির নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পুরো পরিবহনপথে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী একটি বিশেষ উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।
প্রকল্পের নির্ধারিত সূচি অনুযায়ী, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আসার কথা রয়েছে। নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি পৃথক ফ্লাইটে এসব জ্বালানি দেশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
রাশিয়া থেকে আসা এসব জ্বালানি চালান কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে আকাশপথে ঢাকায় পৌঁছাবে বলে জানানো হয়েছে।