জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের গণপরিবহন খাতে। দূরপাল্লা ও মহানগর এলাকায় চলাচলকারী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
তবে বৈঠকে উভয় ধরনের রুটেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত হয়। জ্বালানি তেলের মূল্য বাড়ায় পরিবহন মালিকদের পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।
এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে তা ছিল ২ টাকা ৪২ পয়সা।
দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক নন-এসি দূরপাল্লার বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও নিচে রাখা হয়েছে। এসব বাসে ভাড়া তুলনামূলক বেশি হওয়ার পাশাপাশি সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।
নতুন সিদ্ধান্তের ফলে দূরপাল্লা ও মহানগর রুটের বাসভাড়া পুনর্নির্ধারণ করা হবে।