সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।
সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে।
তফসিল অনুযায়ী, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা রয়েছে।
এই আসনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।