অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে শেরপুরের সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্ত ক্যাম্পে যুক্ত করা হয়েছে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি) ও ড্রোন ক্যামেরা। পাশাপাশি স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় আধুনিক প্রযুক্তিনির্ভর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হচ্ছে। ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত পর্যবেক্ষণ এবং টহল কার্যক্রম আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা ও সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে তাঁরা আশাবাদী। সীমান্ত অপরাধ প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।