চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির আওতায় আসছে কিশোরগঞ্জ শহর। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে ২৫০টি আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৭৫টি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে।
নতুন এসব ক্যামেরায় মানুষের মুখ শনাক্ত করার প্রযুক্তি রয়েছে। পাশাপাশি রাতের অন্ধকারেও স্পষ্ট ছবি ধারণ করা যাবে। ফলে কোনো অপরাধের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তির চলাচল ও অবস্থান শনাক্ত করার পাশাপাশি ঘটনার আগের পরিস্থিতিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পর্যালোচনা করা সম্ভব হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। সেখান থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা ক্যামেরাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পর্যায়ক্রমে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো এ নজরদারির আওতায় আনা হবে।
গত ছয় মাসে কিশোরগঞ্জ শহরে মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ শতাধিক অপরাধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অপরাধীদের শনাক্ত করতে অনেক সময় দীর্ঘ তদন্তের প্রয়োজন হয়। নতুন প্রযুক্তি চালু হলে অপরাধস্থলের আশপাশের ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি শনাক্ত করা সহজ হবে বলে আশা করছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) কিশোরগঞ্জ মডেল থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হবে। বিশেষ করে নদীর পাড়ের সড়কগুলোতেও ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগের ফলে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হলে অপরাধের প্রবণতাও কমবে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড শনাক্তে ক্যামেরাগুলো সহায়ক ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে সরকার কাজ করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, পর্যায়ক্রমে শহরের সব সড়ক ও বাসাবাড়িকে সিসিটিভি নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। থানায় স্থাপিত সার্ভার রুম থেকে ক্যামেরাগুলো পরিচালিত হবে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও হুমকির ঘটনা নিয়ন্ত্রণে এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুল হকসহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।