গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দলটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাটের গোলচত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত, চান মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা, সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা ও কোভিদ মোল্লার ছেলে জাহিদ মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি চরমানিকদাহ গ্রামে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন শহরের গোলচত্বর এলাকায় জড়ো হন। সেখানে দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়।
পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িতরা পালিয়ে যান।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।