নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সহসভাপতি নূরুল আমিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নূরুল আমিন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে।
এজাহারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সহসভাপতি নূরুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল, সড়ক অবরোধ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম হারুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি দায়ের করা নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি নূরুল আমিন। সোমবার দুপুরে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।
ওসি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।