1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউলের অসহযোগিতায় দুই ঘণ্টা বিলম্বের অভিযোগ ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার কিশোরগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ড প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১ গোপালগঞ্জের তিন থানার ওসিকে কিশোরগঞ্জে বদলি

কিশোরগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিয়োগের বিদ্যমান অধিক্ষেত্র বহাল রাখা এবং কেন্দ্রীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির জেলা শাখার সভাপতি মাওলানা মো. মাসউদুল আলম নূরী (হারুন) বলেন, ১৯৯৩ সালের গেজেট অনুযায়ী নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিদ্যমান ব্যবস্থা বহাল রাখতে হবে। ওই গেজেটে ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক নিয়োগের যে কাঠামো নির্ধারণ করা হয়েছিল, তা পরিবর্তন না করার দাবি জানান তিনি।

নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি এ. কে. এ. বুলবুল ইসলাম বলেন, বিশেষ করে হাওরাঞ্চলে বিয়ের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় একজন নিকাহ রেজিস্ট্রারের আয় দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করা কঠিন। একটি ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে তাঁদের আর্থিক সংকট আরও বাড়বে। তাই বিদ্যমান নিয়োগব্যবস্থা বহাল রাখার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তারা জানান, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ নতুন করে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত খসড়ায় নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের স্বীকৃত কর্ম-অধিক্ষেত্র তিন ভাগে বিভক্ত করার পাশাপাশি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরও এ পদে নিয়োগের সুযোগ রাখার কথা বলা হয়েছে।

বক্তারা বলেন, বিবাহ ও তালাক নিবন্ধন শুধু প্রশাসনিক দায়িত্ব নয়; এর সঙ্গে ইসলামী শরিয়াহ ও মুসলিম পারিবারিক আইনের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। দেনমোহর, ইজাব-কবুল, অভিভাবকত্ব, তালাক, খোলা ও তালাকে তাফউইজের মতো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। এ কারণে নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের যোগ্যতা পরিবর্তনের প্রস্তাবে আপত্তি জানিয়েছেন তাঁরা।

প্রস্তাবিত বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে নিকাহ রেজিস্ট্রারদের স্বার্থ, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংশোধন আনার দাবি জানান বক্তারা। একই সঙ্গে নিয়োগের বিদ্যমান অধিক্ষেত্র বহাল রাখার আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. মাসউদুল আলম নূরী (হারুন), সাধারণ সম্পাদক মাওলানা এম. এ. মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন এবং নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি এ. কে. এ. বুলবুল ইসলামসহ দুই সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি