মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান আজহারি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাক্ষাতের বিষয়টি জানান মিজানুর রহমান আজহারি।
পোস্টে তিনি জানান, মালয়েশিয়ায় জাকির নায়েকের বাসভবনে তাদের সাক্ষাৎ হয়। বিদায়ের সময় জাকির নায়েক তাকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দেন।
‘কিসওয়াতুল কাবা’ আতর পবিত্র কাবা শরিফের গিলাফ বা কিসওয়াহতে ব্যবহৃত বিশেষ সুগন্ধির আদলে তৈরি একটি জনপ্রিয় প্রিমিয়াম আতর হিসেবে পরিচিত।
এদিকে একই দিনে জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক মাওলানা আহমাদুল্লাহ। সাক্ষাতের সময় তিনি জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দোয়া’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আহমাদুল্লাহ জানান, মালয়েশিয়ায় জাকির নায়েকের সঙ্গে সাক্ষাতের সময় তিনি তাকে বইটির ইংরেজি সংস্করণ উপহার দেন।
উল্লেখ্য, ড. জাকির নায়েক ভারতীয় ইসলামি বক্তা ও লেখক। ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনে এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করে। জাকির নায়েক এসব অভিযোগ অস্বীকার করে পরবর্তীতে মালয়েশিয়ায় বসবাস শুরু করেন।