মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশের জন্য ভালো অর্জন করা নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কোনো অর্জন করলে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।
সৌদি আরবের প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের সাফল্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তারা যে পুরস্কার অর্জন করে দেশে ফিরেছেন, সেটি শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়; বাংলাদেশের সব মুসলমানের জন্যও এটি অর্জন।
আন্তর্জাতিক এসব প্রতিযোগিতায় ভবিষ্যতে বাংলাদেশের প্রতিযোগীদের অংশগ্রহণে সরকারের সহযোগিতার প্রয়োজন হলে তা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের পাশাপাশি দেশ ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনুক—সরকার সেটিই চায়।
দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায় এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।
সৌদি আরবে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। সেখানে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন।
একই প্রতিযোগিতায় হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান লাভ করেন।
এ ছাড়া হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।