ভারতে অবস্থানরত পলাতক আসামিরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অগ্রগতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।
আলোচনায় দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে সম্পর্ককে আরও টেকসই ও মর্যাদাপূর্ণ পর্যায়ে নেওয়ার বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মোকাবিলার বিষয়েও বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে।
বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে উভয় পক্ষ মত প্রকাশ করে।