প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দীন আহামেদ বাচ্চু।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন।
সভায় সংসদ সদস্য শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, কিন্ডারগার্টেনমুখী প্রবণতা কমানো এবং বিদ্যালয়ের পাসের হার বাড়ানোর বিষয়ে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন, পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন বন্ধের সুপারিশ, নকল প্রতিরোধ এবং দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সভায় বক্তব্য দেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানসহ অন্যরা।