1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সখীপুরে বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার, কারাগারে পাঠানোর নির্দেশ দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী ত্রিশালে লটারির মাধ্যমে ১২০ নারী কর্মী নিয়োগ ভালুকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময় নান্দাইলে দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দিলেন তথ্য প্রতিমন্ত্রী রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়া ও গাজীপুরের অনেক পোশাক কারখানা শেরপুর সীমান্তে নজরদারিতে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি কিশোরগঞ্জ শহরে বসছে ২৫০টি এআই ক্যামেরা, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ ডায়াবেটিস সচেতনতায় কিশোরগঞ্জে ৭ কিলোমিটার ম্যারাথন, অংশ নিলেন ৭ শতাধিক মানুষ অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নেত্রকোনার সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি জানান, ইতোমধ্যে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষ হলে তালিকা প্রণয়নের মাধ্যমে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় অরণ্যপাশায় খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশের প্রতিটি এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা প্রদানের কর্মসূচি চালু হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা ও পাইলট প্রকল্পের কাজ শেষ হওয়ার পর ধাপে ধাপে দেশের সব মসজিদকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও ধর্মীয় অবদানের স্বীকৃতি দিতেই সরকার এ উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, তাঁর অভিযোগ অনুযায়ী, গত ১৭ বছরে দেশে ওয়াজ মাহফিল আয়োজনের সুযোগ দেওয়া হয়নি, অথচ যাত্রার আয়োজন করতে দেওয়া হয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

নির্বাচনের সময় একটি দলের পক্ষ থেকে বেহেশতের টিকিট বিক্রি এবং নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এমন প্রচারের সমালোচনা করেন প্রতিমন্ত্রী। এ ধরনের বিভ্রান্তিকর প্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে কেউ বড় ধরনের সমস্যা সৃষ্টি না করলে সরকারও তাদের বিষয়ে কঠোর হতে চায় না। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নিয়মনীতি অনুসরণ করেই এলাকার প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার-বাহাদুরপুর নতুন বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন গ্রামীণ অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিন নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠানের পীর হযরত মাওলানা আব্দুল কুদ্দুসকে ধন্যবাদ জানান ইয়াসের খান চৌধুরী। আগামী বছর মাহফিলের সার্বিক উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। এতে প্রতিমন্ত্রীও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি