ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির নেতাদের আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে পৌঁছায়।
স্থানীয় ও দলীয় সূত্রের বরাতে জানা গেছে, প্রতিনিধি দলে নানক ছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত থেকে আটজন নেতা রয়েছেন। বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনের কথা রয়েছে।
এদিকে আওয়ামী লীগ নেতাদের আগমন ঘিরে আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে বুধবার বিকেল ৪টা থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর অভিমুখে অবস্থান নেন। ইতোমধ্যে বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেছেন। তাদের কাছে খবর রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি প্রবেশপথ ব্যবহার করে নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতারা দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা সীমান্তে অবস্থান করছেন, যাতে অবৈধভাবে কেউ প্রবেশ করে নাশকতা করতে না পারে।