দেশে ফিরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দলটির নেতাদের সতর্ক করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আওয়ামী লীগকে ‘বড় দল’ উল্লেখ করে তিনি বলেছেন, ভবিষ্যতে দলটি আবার রাজনীতি করবে—তাই এমন কোনো রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যা পরবর্তীতে লজ্জার কারণ হয়ে দাঁড়ায়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ইতালি থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
বাঁধন বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রতি তার অনুরোধ, দলটি বড় একটি রাজনৈতিক দল। বর্তমানে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ হলেও ভবিষ্যতে তাদের রাজনীতিতে ফেরার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে কী ধরনের রাজনীতি করা হবে, সে বিষয়ে দলটির একটি রূপরেখা রয়েছে। তবে এমন কোনো পরিকল্পনা বা রূপরেখা করা উচিত নয়, যার কারণে ভবিষ্যতে দলটির নেতাদের লজ্জিত হতে হয়।
এ সময় বিমানবন্দরে বাঁধনের বাবা প্রকৌশলী আমিনুল হক উপস্থিত ছিলেন।
এর আগে গত সপ্তাহে ইতালিতে অনুষ্ঠিত ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত **‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’** সিনেমার প্রদর্শনীতে অংশ নেন তিনি।
৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। পরে সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের **প্রেমিও বিসাতো দ’ওরো** পুরস্কার অর্জন করে।
প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে বের হলে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। তার দাবি, তাকে পানি, কোমলপানীয় ও ডিম ছুড়ে মারা হয়। এ সময় শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়।
ঘটনার সময় বাঁধনের সঙ্গে তার ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও ছিলেন বলে জানান তিনি।
পরে এ ঘটনায় বাঁধনের পাশে দাঁড়ান দেশের বিভিন্ন শিল্পী ও সংস্কৃতিকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ করেন অনেকে।