গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি স্থানীয় সরকার। তাই গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি ক্ষমতার বিকেন্দ্রীকরণেও স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
জেলা পরিষদের প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসতে সক্রিয় ও সজাগভাবে দায়িত্ব পালন করতে হবে।
সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা পদমর্যাদা বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
রাষ্ট্রপতি আরও জানান, ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।
পাশাপাশি জেলা পরিষদগুলোর উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা, স্থানীয় পর্যায়ে নাগরিকদের সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।