ফেসবুকে আওয়ামী লীগের মিছিল আয়োজনের ঘোষণা দিয়ে স্ট্যাটাস দেওয়ার এক দিনের মাথায় বগুড়ার সোনাতলায় মঞ্জুরুল আলম সৌরভ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, মঞ্জুরুল আলম একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর (গোবরচাপড়া) বিল এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগের দিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে **‘আওয়ামী লীগের মিছিল হবে, সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে’**—এমন একটি স্ট্যাটাস দেন সৌরভ।
গ্রেপ্তার মঞ্জুরুল আলম সৌরভ সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর ছেলে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পূর্বের একটি নাশকতা মামলায় সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।