জামালপুর শহরের রেলওয়ে ওভারপাস থেকে উদ্ধার করা বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বস্তুটি নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় শহরের রেলওয়ে ওভারপাসের ফুটপাতে লাল টেপে মোড়ানো এবং দুই পাশে বৈদ্যুতিক তারযুক্ত একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন। একই সঙ্গে ওভারপাস দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
খবর পেয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে মধ্যরাতে বস্তুটি উদ্ধার করে পাশের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নেওয়া হয়। সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়।
বোম্ব ডিসপোজাল ইউনিট সূত্রে জানা গেছে, উদ্ধার করা বস্তুটি কোনো বিস্ফোরক বা বোমা ছিল না।
এ সময় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা পুলিশের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাতে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জনমনে ছড়িয়ে পড়া আতঙ্ক কেটে গেছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।