ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নওগাঁ শাখার ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শহিদুল ইসলাম (রিপন) (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শহিদুল ইসলামের বিরুদ্ধে ব্যাংকের ক্রেডিট কার্ডের লেনদেনব্যবস্থা ব্যবহার করে অনুমোদিত সীমার বাইরে অর্থ স্থানান্তরের অভিযোগ রয়েছে। এ ঘটনায় ইসলামী ব্যাংক নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪) নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। তাঁর চলতি হিসাব নম্বর ২০৫০১৪৪০১০০১৭০১০৫-এর বিপরীতে ২০১৫ সালে ব্যাংকটি তাঁকে এক লাখ টাকা সীমার খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করে।
অভিযোগ অনুযায়ী, ওই কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংক পিএলসির এটিএম ও সিআরএম বুথ থেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) নেটওয়ার্কের মাধ্যমে পাঁচটি হিসাবসহ বিভিন্ন ব্যাংকের হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করা হয়। শুরুতে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত করা হয়, যা কার্ডের অনুমোদিত সীমার বেশি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
মামলার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ দল গঠন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমান এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. হাসিবুর রহমানের নেতৃত্বে দলটি অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সদর মডেল থানা ও ডিবির কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের শয়নকক্ষের কাঠের আলমারির ভেতরে একটি ব্যাগ থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। পাশাপাশি তাঁরা বিলাসী জীবনযাপন করছিলেন বলে পুলিশের দাবি।
এই ঘটনায় অন্য কোনো ব্যক্তি কিংবা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।