বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়কে ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ ও ‘বিচারিক অবিচার’ (মিসক্যারেজ অব জাস্টিস) বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে এ মন্তব্য করেন তিনি।
শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনা ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা। বিচারপতির আসনে বসে ওই রায় দেওয়া লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রায়টিকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার হিসেবে উল্লেখ করেন প্রধান বিচারপতি।
এদিকে, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, শুনানিতে সে প্রশ্নও তোলেন আপিল বিভাগের বিচারপতিরা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তারা। বর্তমানে তিনজনই কারাগারে রয়েছেন।
এর আগে, নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শেষে ২০১৭ সালের ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করে।