পরীক্ষার আগেই ইউটিউবে প্রকাশিত প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল পাওয়ায় ময়মনসিংহের ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র স্থগিত করেছে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। একইভাবে উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়ের প্রশ্নপত্র নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে অনুষ্ঠিত চারটি পরীক্ষার প্রশ্নের সঙ্গেও ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল থাকার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে বিদ্যালয়ে এসে স্থগিতের বিষয়টি জানতে পারে শিক্ষার্থীরা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত পরীক্ষার আগের রাতেই ইউটিউবের একটি চ্যানেলে পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করা হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর পরীক্ষা শুরুর আগেই তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানায়, নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে এসে তারা পরীক্ষা স্থগিতের খবর পায়। পরবর্তী সময়ে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে।
তবে উদ্বেগের বিষয় হলো, শুধু বাংলা দ্বিতীয় পত্র নয়, এর আগে অনুষ্ঠিত অষ্টম শ্রেণির আরও চারটি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল থাকার তথ্য পাওয়া গেছে। যদিও ওই পরীক্ষাগুলো স্থগিত করা হয়নি। ফলে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ছাড়া ত্রিশালের আশপাশের আরও কয়েকটি বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে। বিষয়টি জানার পরপরই পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষাটি নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ইউটিউবে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে। কীভাবে এমন ঘটনা ঘটেছে, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খানের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
অন্যদিকে, ঘটনাটিকে শিক্ষার্থীদের জন্য মানসিক আঘাত হিসেবে উল্লেখ করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ইউটিউবে প্রকাশিত হওয়ার বিষয়টি উদ্বেগজনক। এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।