আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশে চিফ অব মিশন ড. লরা টম-বন্ড।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণ জানান। আগামী ৬ ডিসেম্বর আইওএমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করা হবে।
সাক্ষাতে নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, মেধাভিত্তিক অংশীদারিত্ব, দক্ষতা উন্নয়ন এবং ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া দেশে ফিরে আসা অভিবাসীদের চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং জলবায়ু অভিযোজনের বিষয়ও আলোচনায় উঠে আসে।
বৈঠকে মিয়ানমারে রোহিঙ্গাদের টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে এ উদ্যোগ আরও জরুরি হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সম্পৃক্ততা ও সমর্থনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন হুমায়ুন কবির।
আইওএমের চিফ অব মিশন সংস্থাটির বৈশ্বিক অগ্রাধিকারগুলো তুলে ধরেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে সংস্থাটির প্রস্তুতির কথা জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ ও আইওএমের মধ্যকার অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষের অবস্থান পুনর্ব্যক্ত হয়। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন এগিয়ে নেওয়ার পাশাপাশি মানবিক ও জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাঁরা একমত হন।