ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকায় চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনের বগি সংযোগকারী হুক (কাপলিং) মেরামত ও পুনরায় সংযুক্ত করার পর বিকেল পাঁচটার দিকে ট্রেনটি যাত্রা শুরু করে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস সুতিয়াখালী এলাকা অতিক্রম করার সময় বগির সংযোগস্থলের কাপলিং ভেঙে যায়। এতে পেছনের বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেনটি ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে কয়েকশ গজ সামনে চলে যায়।
বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেন থামিয়ে পেছনে ফিরে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে যান। পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের প্রচেষ্টায় বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়।
ওসি জানান, মেরামত ও সংযুক্তির কাজ শেষে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।