শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেন।
নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি যুক্ত হন। এদিন তাঁর পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় মামলাসংশ্লিষ্ট বিভিন্ন নথি ও ভিডিও উপস্থাপন করেন তিনি।
সাফাই সাক্ষ্য গ্রহণ শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম তাঁকে জেরা করেন। এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষে আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার দায়িত্ব পালন করেন।
সাফাই সাক্ষ্য শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চায় প্রসিকিউশন। পরে আগামী ২৪ নভেম্বর যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়।
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগে একই সময় বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলা এলাকায় সুন্দরবনের বিভিন্ন স্থানে তথাকথিত বনদস্যু দমনের নামে মাসুদসহ ৫০ জনকে হত্যার অভিযোগ করেছে প্রসিকিউশন।
এই অভিযোগগুলোর ভিত্তিতে গত বছরের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেয়। একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। পরে ২৩ ডিসেম্বর তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।