কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধীদল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও ভাইদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি নানা ষড়যন্ত্র করলেও বাংলাদেশে তাদের পুনরুত্থানের সুযোগ নেই। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির কাছে তাবেদারি করবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, ২৪ জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশের প্রথম শহীদ হিসেবে রংপুরের সন্তান আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ এবং জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটি তার নামে নামকরণ করা হয়েছে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। জনগণ, স্বাধীনতা ও জাতীয় পতাকার পক্ষে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রসঙ্গে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা হামলা, থানা পোড়ানোসহ অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে পুনরুত্থানের চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রে বিশ্বাসী। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো রাজনৈতিক শক্তিকে দমন করার নীতি সরকার অনুসরণ করতে চায় না। তবে সরকারের ধৈর্যকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয়।
থানা ও সরকারি প্রতিষ্ঠান স্থাপন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, কোনো এলাকার জনগণ সেখানে থানা, সরকারি অফিস, আদালত কিংবা উন্নয়ন কার্যক্রম না চাইলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। জনগণের চাহিদা ও মতামতকে গুরুত্ব দিয়েই এসব কার্যক্রম পরিচালিত হবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে যুক্তি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মতো কর্মকাণ্ডের মাধ্যমে দলটি অতীতে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল। সাম্প্রতিক ঘটনাগুলোও তাদের সন্ত্রাসী চরিত্রের প্রমাণ বলে দাবি করেন তিনি। আন্তর্জাতিক পর্যায়েও দলটির সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে সঠিক ও যৌক্তিক বলে প্রতীয়মান হয়েছে। এখন সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনায় এলে সরকার ও বিরোধীদল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।
রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলা প্রয়োজন। দেশের সব অঞ্চলের মানুষের সমান সুযোগ থাকা উচিত আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন ও খেলা উপভোগ করার ক্ষেত্রে।
তিনি জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ইতোমধ্যে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অন্যান্য উন্নয়নও করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্গাপূজার সময় রংপুর সফরে প্রধানমন্ত্রী দেশের সব অঞ্চলের সমান উন্নয়নের কথা বলেছেন। এর ধারাবাহিকতায় রংপুর সিটি করপোরেশনের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নতুন উন্নয়ন কর্মসূচি বা ডিপিপি প্রণয়ন করে জমা দিলে সেগুলো অনুমোদনের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বৃহত্তর রংপুর অঞ্চলের সব জেলার উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। রংপুর জেলার উন্নয়নে সাড়ে ৫০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। পাশাপাশি গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর জন্য পৃথক উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে।
উত্তরাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই নিয়েও কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, রংপুর বিভাগের মানুষসহ উত্তরাঞ্চলের বাসিন্দারা যাতে বেশি উপকৃত হন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে সেতুর সম্ভাব্য স্থান নির্ধারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সেতু মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষকে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।