ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলে অংশ নেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মিছিলে অংশ নিতে আটক প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। মিছিল চলাকালে তারা ‘জয় বাংলা’ স্লোগানও দেয় বলে জানিয়েছে জেলা পুলিশ।
আটক ছয়জনের মধ্যে সদর উপজেলার দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদ মুক্তাদির (১৬), মোবাইল সার্ভিসিংয়ের কাজে যুক্ত সাকিবুল হাসান (১৭), ব্যাটারিচালিত অটোরিকশা সার্ভিসিংয়ের কাজে যুক্ত ইয়াসিন আরাফাত (১৬), বাসের হেলপার মো. রোমান (১৫), নবম শ্রেণির শিক্ষার্থী সানজিদুল হাসান রিহান (১৪) এবং জুতার দোকানের সেলসম্যান সানজিদ (১৬) রয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে কোতোয়ালি মডেল থানার কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতৃত্বে মিছিল হওয়ার খবর পায় তারা। পরে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত জাবির, আবিদ ও মাইনসহ অজ্ঞাতনামা কয়েকজনের নেতৃত্বে ওই মিছিল আয়োজন করা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে।
পুলিশের দাবি, মিছিলে অংশগ্রহণের জন্য আটক প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। মিছিলের সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
তবে ওই অর্থের উৎস, কারা সরবরাহ করেছে, মিছিল আয়োজনের উদ্দেশ্য এবং এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আটক কিশোরদের কথিত কিশোর গ্যাং সংশ্লিষ্টতা, মিছিলের পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না এবং পলাতক ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে।
জেলা পুলিশ জানিয়েছে, ময়মনসিংহে নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, সংঘবদ্ধ অপরাধ ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ডে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা তথ্যপ্রমাণের মাধ্যমে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জননিরাপত্তা ও জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।