মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে সাগরপথে একটি মাছ ধরার ট্রলারে তুলে টানা ছয় থেকে সাত দিন সাগরে ঘোরানোর পর ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজারের লাবণী পয়েন্টে নামিয়ে পালিয়ে গেছে মানবপাচারকারী চক্রের সদস্যরা। শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ২৮ জনকে উদ্ধার করে। বাকিরা তীরে নেমে বিভিন্ন স্থানে চলে গেছেন বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনাটি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে একজন শিশু, দুজন নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে মালয়েশিয়াগামী যাত্রীদের সাগরে থাকা একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। ওই ট্রলারে নারী ও শিশুসহ মোট ৭২ জন ছিলেন।
কয়েক দিন সাগরে অবস্থানের পর বৈরী আবহাওয়া এবং যাত্রীদের জিম্মি করে অর্থ আদায়কে কেন্দ্র করে ট্রলারে থাকা মাঝিমাল্লা ও পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শুক্রবার মধ্যরাতে ট্রলারটি কক্সবাজারের লাবণী পয়েন্টে ভেড়ানো হয়। এরপর পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।
উদ্ধার হওয়া যাত্রীদের একজন টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার মোহাম্মদ ইলিয়াস জানান, গত ১২ নভেম্বর মিঠাপানির ছড়া ঘাট থেকে ছোট নৌকায় করে তাদের সাগরের বড় ট্রলারে তোলা হয়েছিল। কয়েক দিন সাগরে ভাসার পর মাঝিমাল্লা ও দালালদের অভ্যন্তরীণ বিরোধের কারণে ট্রলারটি লাবণী পয়েন্টে আনা হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ার পর পুলিশ ২৮ জনকে উদ্ধার করে। অন্যরা তীরে নেমে বিভিন্ন স্থানে চলে যান।
ভুক্তভোগীদের অভিযোগ, এ ঘটনার সঙ্গে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার আব্দুল আমিন (৪১)-এর একটি চক্র জড়িত। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি পাহাড়কেন্দ্রিক অপহরণ, মাদক কারবার ও মানবপাচারের সঙ্গে জড়িত। অভিযোগ অনুযায়ী, তার চক্র প্রথমে মালয়েশিয়াগামী যাত্রীদের আটকে রাখে এবং পরে রাতের আঁধারে ছোট নৌকায় করে সাগরের মাঝপথে বড় ট্রলারে তুলে দেয়।
স্থানীয়দের আরও দাবি, আব্দুল আমিনের বিরুদ্ধে পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি এসব মামলার পলাতক আসামি।
এ ছাড়া টেকনাফ সদর ইউনিয়নে সাইফুল ইসলাম, শামসুল আলম ওরফে কালা বাম্বু, হেলাল, ইসমাইল ও মো. আব্দুল্লাহসহ ২০ থেকে ৩০ জনের একটি মানবপাচারকারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মানবপাচারকারীদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।