1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় ৬ ভারতীয় নাগরিক আটক জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী: প্রধানমন্ত্রী আইন ও সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি নেত্রকোনায় দুই এমপির নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। বর্তমানে সংগৃহীত অর্থ গণনার কাজ চলছে। গণনা শেষে মোট টাকার পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। আগে মসজিদটিতে ১৩টি দানবাক্স থাকলেও এবার আরও দুটি যুক্ত করে মোট ১৫টি করা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এবার অনুদানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দানবাক্স থেকে পাওয়া অর্থ বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে নির্ধারিত স্থানে টাকা ঢেলে শুরু হয় গণনার কার্যক্রম।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, এবার দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। গণনা শেষ হলে দানের মোট পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক জানান, দানবাক্স খোলা, অর্থ গণনা এবং ব্যাংকে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, পাগলা মসজিদের পরিচিতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের পাশাপাশি বিদেশ থেকেও অনেকে এখানে দান করেন। মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীরাও মসজিদে অনুদান দিয়ে থাকেন।

তিনি জানান, দর্শনার্থী ও মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকায় মসজিদটির সম্প্রসারণ প্রয়োজন হয়ে পড়েছে। ইতোমধ্যে সম্প্রসারণের নকশা তৈরির কাজ শেষ হয়েছে। বিপুলসংখ্যক মানুষের আগমন এবং ধর্মীয় কার্যক্রম, বিশেষ করে নামাজ আদায়ের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। দানের অর্থ দিয়েই মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রম পরিচালিত হবে।

এ ছাড়া মসজিদে থাকা মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

এবার অর্থ গণনায় অংশ নিয়েছেন মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন শিক্ষার্থী, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। সেবার দিনভর গণনা শেষে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। মোট ৪৩ বস্তা অর্থের পাশাপাশি স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া যায়।

দীর্ঘ ছয় বছর পর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। গত ১২ অক্টোবর অলঙ্কার ওজনের কাজ শেষে পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ এবং ১ হাজার ৮৮ ভরি রুপা। ট্রেজারিতে সংরক্ষিত নয়টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার ও ছয়টি সিলগালা খাম খুলে এসব সামগ্রী গণনা ও পরিমাপ করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ করে নিলামে বিক্রি করা হবে। আর বিদেশি মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।

মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও অনুদান এসেছে। এ পর্যন্ত এ পদ্ধতিতে পাওয়া গেছে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা।

মসজিদ-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এর বাইরে রয়েছে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা।

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য ৩১ সদস্যের কমিটি রয়েছে। জেলা প্রশাসক কমিটির সভাপতি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে মসজিদ প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় জমে। এবার ৫১ বস্তা অর্থ পাওয়ার খবর ঘিরেও নতুন করে আলোচনায় এসেছে মসজিদটি। গণনা শেষে মোট অনুদানের পরিমাণ এবং নতুন কোনো রেকর্ড গড়ে কি না, তা জানতে অপেক্ষায় রয়েছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি