নেত্রকোনায় এক রাতে লোকাল ট্রেনের বগিতে অগ্নিসংযোগ, ইউনিয়ন ভূমি অফিসে ককটেল বিস্ফোরণ ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনের সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। রাতেই নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া পূর্বধলার বালুচড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনের সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পূর্বধলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মোমেন জানান, রাত ১১টা ২০ মিনিটে জারিয়া লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। রাত আনুমানিক ১২টার দিকে গৌরীপুরের বিসকা স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগিতে আগুন দেওয়া হয়। এতে কয়েকটি আসন পুড়ে যায়। পরে ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে পৌঁছায়।
আগুনের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুরের পর নতুন বগি সংযুক্ত করে চলাচল পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে বলে স্টেশন মাস্টার জানান।
এদিকে, নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে বিস্ফোরণগুলো ঘটানো হয়। এতে অফিসের একটি চেয়ারসহ কয়েকটি আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।
অন্যদিকে, পূর্বধলার বালুচড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনের সড়কে অগ্নিসংযোগ করা হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন দেওয়া হয়নি, কার্যালয়ের সামনের রাস্তায় অগ্নিসংযোগ করা হয়েছিল।
জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের বাড়ি, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভর বাসাবাড়ি, আওয়ামী লীগের বারহাট্টা উপজেলা সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেনের মার্কেট এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বারহাট্টা উপজেলা আহ্বায়ক ইমরান হাসান সাকিবের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এছাড়া জেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিল এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম জানান, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।