জাতীয় সংসদ ভবনে গিয়ে সংসদের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখার সুযোগ পেয়েছেন ১৪৮ সদস্যের একটি শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ ভবনের শপথ কক্ষে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।
প্রতিনিধিদলটি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গঠিত। সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার তাঁদের খোঁজখবর নেন এবং আন্তরিকভাবে কুশল বিনিময় করেন।
এ সময় জাতীয় সংসদ ভবনের স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন কায়সার কামাল। তিনি জানান, দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা হিসেবে পরিচিত সংসদ ভবনের নকশা করেছিলেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান।
সংসদ গ্রন্থাগারের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, সেখানে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশি-বিদেশি গবেষকেরা তাঁদের গবেষণার প্রয়োজনে এসব উপকরণ ব্যবহার করতে সংসদ গ্রন্থাগারে আসেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনা ও নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তাঁদেরই নিতে হবে। তাঁদের মধ্য থেকেই চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। এ জন্য এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
হুইপ জি. কে. গউছের প্রসঙ্গ তুলে কায়সার কামাল বলেন, তিনি একজন ভালো মনের মানুষ এবং শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীরা যে কক্ষে বসে রয়েছেন, সেটি সংসদ সদস্যদের শপথ গ্রহণের কক্ষ বলেও জানান তিনি। এই সংসদকে শিক্ষার্থীদের নিজেদের প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে তাঁদের মধ্য থেকে জাতীয় সংসদে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ডেপুটি স্পিকার।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংসদে রচনা প্রতিযোগিতা আয়োজনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে নিজে পুরস্কার তুলে দেওয়ার আগ্রহও প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে শিক্ষকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।
সৌজন্য সাক্ষাৎ শেষে ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তাঁরা ডেপুটি স্পিকার ও হুইপ জি. কে. গউছের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পান। এতে তাঁরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।