ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল।
গ্রেপ্তারের আগে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিওবার্তা দিয়েছিলেন সাঈদ খোকন। সেখানে তিনি দাবি করেন, পুরো বাংলাদেশ যেন কারাগারে পরিণত হয়েছে। বারবার কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি। একই ভিডিওবার্তায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উল্লেখ করেন।
এসআরবি সূত্র জানায়, বাহিনীটির এসআরবি-১-এর একটি দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তার ও ডিবিতে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানান, ডিবি হেফাজতে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে।
সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে মামলা এবং অনুসন্ধান চলছে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায়ও তাঁকে আসামি করা হয়েছে।
২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তাঁর বোন শাহানা হানিফ এবং একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তাঁর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ও মামলা রয়েছে।
দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত তাঁর ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এ ছাড়া ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তাঁর স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ করেন।
একই আদেশে গুলশানে তাঁর মালিকানাধীন ১৪ তলা ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমি ও বাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়।
সাঈদ খোকন ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে শুধু সাঈদ খোকনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের পরিমাণ ৯৪ কোটি ২০ লাখ টাকা।