গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও সড়কে নেমে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লী বিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় শ্রমিকদের বিরুদ্ধে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বিক্ষোভের একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকেরা মহাসড়কে নেমে আসেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা সরে যান।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।