নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তারের লক্ষ্যে তাঁর মালিকানাধীন তৈরি পোশাক কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ফতুল্লায় অবস্থিত ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।
কারখানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে একটি মাইক্রোবাসে করে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি কারখানার প্রধান ফটকে আসেন। তাঁরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের অবস্থান জানতে চান।
এ সময় আনসার সদস্যরা জানান, কারখানার শ্রমিকদের ছুটি হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা আগেই সবাই চলে গেছেন এবং ভেতরে আর কেউ নেই। কিছুক্ষণ অপেক্ষার পর সেখান থেকে চলে যান ডিবি সদস্যরা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন ধরে সেলিম ওসমান ফতুল্লায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করছেন বলে আলোচনা ছিল। বৃহস্পতিবার সেখানে তাঁর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। তবে তাঁকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তাঁর অবস্থান নিশ্চিত হওয়া গেলে গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, সেলিম ওসমান নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সদস্য। বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতির দায়িত্বও পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবারের সদস্যদের অনেকে আত্মগোপনে চলে যান। সেলিম ওসমান দেশেই রয়েছেন বলে বিভিন্ন মহলে দাবি করা হলেও তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
চলতি মাসের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আল আমিন দাবি করেন, সেলিম ওসমান ফতুল্লায় তাঁর কারখানা পরিচালনা করছেন এবং সেখানে গিয়ে তদারকিও করেন।