1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাজিতপুরে শিক্ষার্থী পরিবহনের বিআরটিসি বাসে আগুন নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপির বাড়িতে হামলা-ভাঙচুর বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, আটক ২ ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করবে সরকার দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শেরপুরের গারো পাহাড়ে এবার হাতির আতঙ্কে মানুষ নয়, আতঙ্কে হাতিরাই! এসপির আশ্বাসে ময়মনসিংহে অনশন প্রত্যাহার ছাত্রনেতাদের এমপি মাজেদ বাবুর বাবা আর নেই, ঈশ্বরগঞ্জে শোকের ছায়া পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিল, আটক ৪

নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপির বাড়িতে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতাদের বাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনটির একটি বগিতে আগুন দেখতে পান রেলকর্মীরা। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বগির চারটি আসন পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।

স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর কমলাপুর থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর হাওর এক্সপ্রেস। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের ‘ঢ’ নম্বর বগিতে ধোঁয়া দেখতে পান রেলকর্মীরা। পরে বগির ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে বগিটির ৪, ৫, ১০ ও ১১ নম্বর আসন পুড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঘটনার সময় দায়িত্বে ছিলেন স্টেশন মাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে চারটি আসন পুড়লেও বড় ধরনের ক্ষতি হয়নি এবং ট্রেনের সময়সূচি স্বাভাবিক ছিল।

জহিরুল ইসলাম আরও জানান, এর আগে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রাত সোয়া ১টার দিকে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে সোমবার রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই সময়ে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের বিপরীতে পৌরসভা কার্যালয়সংলগ্ন সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোহনগঞ্জ উপজেলা কমিটির সভাপতি লতিফুর রহমান এবং তাঁর ভাই উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুলতান আহমেদের বাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

এ বিষয়ে জানতে লতিফুর রহমান ও সুলতান আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে সুলতান আহমেদ নিজের ফেসবুক আইডিতে ভাঙচুরের ছবি প্রকাশ করে দাবি করেন, আওয়ামী লীগ করার কারণে তাঁর বাসায় এর আগেও হামলা হয়েছে। এবার আসবাবপত্র, স্বর্ণালংকার ও টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিস লুট করা হয়েছে। এ ধরনের হামলা, লুটপাট ও সহিংসতা কোনো রাজনৈতিক দলের জন্যই শুভ নয় বলেও মন্তব্য করেন তিনি।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, কারা এসব হামলা ও ভাঙচুর করেছে, তা তাঁদের জানা নেই। তবে বিএনপি কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত নন বলে দাবি করেন তিনি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনা রেলওয়ে পুলিশ তদন্ত করছে। রাতে অজ্ঞাত স্থানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মশাল মিছিল করে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।

বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগগুলোও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি। তাঁর ভাষ্য, এসব ঘটনায় তেমন বড় ধরনের ক্ষতি হয়নি; কয়েকটি চেয়ার-টেবিলে আগুন দেওয়া হয়েছে এবং গেটের বাইরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি