খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস। শনিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৪টা ২৫ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়।
বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে ফোনে বাসে আগুন লাগার খবর পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। তবে কারা বা কী কারণে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, খবর পাওয়ার পর তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, বাসটির চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। অতিরিক্ত গরম অনুভব করে তাঁর ঘুম ভাঙলে বাসে আগুন জ্বলতে দেখেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
এদিকে, ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। তাঁর অভিযোগ, এসব সংগঠনের নেতাকর্মীরা আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকতে পারেন। মব সৃষ্টি করে অরাজকতা করা ব্যক্তিরাও এতে সহযোগিতা করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।