নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় পিকআপে থাকা ব্যক্তিরা গাড়ি ও ফল ফেলে পালিয়ে যান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যরাতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বিজিবি ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা চোরাচালানিরা গাড়ি ও ফল রেখে পালিয়ে যান। পরে পিকআপসহ ৫৭৪ কেজি পার্সিমন জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, পিকআপের চালক ও মালিককে শনাক্ত করা হয়েছে। চালক সজিবুল (২১) এবং গাড়ির মালিক মো. মাহমুদুল হাসানকে (২৪) আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।
সজিবুল সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। পিকআপের মালিক মাহমুদুল হাসান একই ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
৩১ বিজিবি নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচগাঁও ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালক ও গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। জব্দ করা ফল ও গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।