যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পেছনে ইরান যুদ্ধ ও জ্বালানির উচ্চমূল্যের প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জ্বালানির জন্য বেশি দাম দিতে হওয়ায় মানুষ সন্তুষ্ট ছিল না।
সাক্ষাৎকারে ইরানের কিছু অংশে হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবর প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ‘বড় কিছু’ করতে হবে। এর মধ্যে ইরানের ওপর ‘বড় ধরনের আঘাত’ হানার বিষয়টিও থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।
মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের পরাজয়ের আভাস পাওয়া গেলেও এই ফলকে নিজের প্রেসিডেন্সির ওপর আঘাত হিসেবে দেখছেন না ট্রাম্প। তাঁর মতে, ডেমোক্র্যাটরা বহু বছর ধরে বড় ধরনের নির্বাচনী জয়ের চেষ্টা করছিল এবং শেষ পর্যন্ত তারা তা অর্জন করেছে। এ জন্য দলটির প্রশংসাও করেন তিনি।
সাক্ষাৎকারে গত দুই বছরে তাঁর সরকারের অর্জন তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের নিরাপত্তাকে নিজের প্রশাসনের প্রধান সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।