যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে দীর্ঘ ১৮ বছর পর সিনেট নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্র্যাট দল। অঙ্গরাজ্যটির সাবেক গভর্নর ও ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার সিনেটের একটি আসনে জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৮ সালের পর প্রথমবার রাজ্যটির দুটি সিনেট আসনের একটিতে জয় পেল দলটি।
রয়টার্স ও বিবিসির বরাতে জানা যায়, রয় কুপার নর্থ ক্যারোলাইনার গভর্নর হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন। এবার মধ্যবর্তী নির্বাচনে সিনেটর নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন তিনি।
নির্বাচনে তিনি রিপাবলিকান দলের প্রার্থী মাইকেল হোয়াটলিকে পরাজিত করেন। হোয়াটলি আগে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন জনমত জরিপে কুপার তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে ছিলেন।
রয় কুপার বিদায়ী রিপাবলিকান সিনেটর টম টিলিসের স্থলাভিষিক্ত হচ্ছেন। টিলিস তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
নর্থ ক্যারোলাইনার সিনেট আসনে সর্বশেষ ২০০৮ সালে ডেমোক্র্যাট প্রার্থী কে হেগান জয়ী হয়েছিলেন। এরপর দীর্ঘ সময় আসনটি ডেমোক্র্যাটদের হাতছাড়া ছিল। এবার কুপারের জয়ের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হলো।
এবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরসহ স্থানীয় পর্যায়ের একাধিক পদে ভোট হচ্ছে।
বর্তমানে কংগ্রেসের দুই কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয়ের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে রয়েছে। প্রতিনিধি পরিষদ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ। এর সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন। সাধারণত আইন প্রণয়নের প্রস্তাব প্রথমে প্রতিনিধি পরিষদে উত্থাপন ও আলোচনা করা হয়। পরে তা সিনেটে পাঠানো হয়।
নর্থ ক্যারোলাইনায় রয় কুপারের জয় মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।