ময়মনসিংহে জামায়াতে ইসলামীর নেতা মো. শহীদুল্লাহর একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তার দলীয় সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী।
সোমবার সকাল থেকে ভিডিওটি ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি দলীয় নেতাদের নজরে এলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
শহীদুল্লাহ নগরের নতুন বাজার থানা শাখার রুকন ছিলেন। পাশাপাশি তিনি নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহীদুল্লাহ দাবি করেন, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে ধারণ করা। অজ্ঞাত কেউ শত্রুতাবশত তার মোবাইল ফোন থেকে ভিডিওটি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে থাকতে পারে। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ ও বিব্রত বলে জানান। দায়ীদের শনাক্ত করতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান বলেন, ভিডিওটি ব্যক্তিগত এবং স্ত্রীর সঙ্গে ধারণ করা। বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে আপাতত শহীদুল্লাহর রুকনিয়ত স্থগিত করা হয়েছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করেছেন শহীদুল্লাহ। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্দেহভাজন হিসেবে এক শিক্ষার্থীর বিষয়ে অভিযোগকারী তথ্য দিয়েছেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
ভিডিওটি কে বা কারা ছড়িয়েছে এবং এর পেছনে ব্যক্তিগত বিরোধ বা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।