ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলার ছলে শ্যাম্পুর বোতলে থাকা ফেনা মেশানো পানি পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়া তৃতীয় শিশুটি চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
নিহত দুই শিশু হলো গোলাবর গ্রামের রাহাত বেপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি বেপারীর মেয়ে হুমায়রা (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা একটি বড় শ্যাম্পুর বোতল শেষ হওয়ার পর সেটি আবর্জনা হিসেবে ঘরের এক কোণে রেখে দিয়েছিলেন। রোববার সকাল ১০টার দিকে সাজিত, হুমায়রা ও আরেক শিশু প্লাস্টিকের হাঁড়ি-পাতিল নিয়ে খেলছিল। এ সময় তারা বোতলটি বের করে শ্যাম্পুর ফেনা দিয়ে খেলনা পরিষ্কার করছিল।
খেলার একপর্যায়ে শিশুরা বোতলে পানি ভরে ফেনা তৈরি করে। পরে ফেনাসহ বোতলের পানি পান করলে তিন শিশুই গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
স্বজনেরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান সাজিতকে মৃত ঘোষণা করেন। পরে হুমায়রা ও অপর শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় হুমায়রার মৃত্যু হয়। অপর শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।
রোববার রাতে পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশকে জানালে ঝামেলা হতে পারে—এমন আশঙ্কায় পরিবারের কেউ বিষয়টি থানায় জানাননি। রাত ১১টার দিকে সংবাদকর্মীদের ফোন পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত শিশুদের স্বজনদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।