ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানোর ঘটনায় এক প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রী সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে শিক্ষা বিভাগ। একই সঙ্গে তাঁদের দুজনকে অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
ঘটনাটি ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অভিযুক্ত দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে তাঁদের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। এর পরদিন বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দেয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, ঘটনার প্রায় ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে তাঁদের মধ্যে মারামারি ও ধস্তাধস্তি হয়েছিল। ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের একটি মেয়ে রয়েছে। উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, আফজাল হোসেন ও আসমা বেগম প্রায় ১৪ বছর ধরে আলাদা থাকছেন। পারিবারিক বিরোধের জেরে তাঁদের মধ্যে আদালতে মামলাও চলমান। দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।