বান্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি নোহা প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, চকরিয়ার খুটাখালি এলাকার বাসিন্দা কয়েকজন পর্যটক আলীকদম হয়ে তিন্দুর দিকে যাচ্ছিলেন। পথে আগোয়াপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয়। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বলিপাড়া বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইয়াসির আরাফাত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন্দু সড়কে নোহা প্রাইভেটকারটি উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন। আহত আরও তিন পর্যটককে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।