গণতন্ত্রকে আরও সুসংহত করতে রাজনীতি ও নির্বাচনী প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, শুধু নারী ভোটারের সংখ্যা বাড়ালেই হবে না; তাদের ক্ষমতায়নের পরিধিও বাড়াতে হবে।
কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটার ও প্রার্থী হওয়ার পাশাপাশি রাজনৈতিক দল এবং বেসরকারি ও উন্নয়নমূলক সংস্থাতেও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা প্রয়োজন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভোটার সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনৈতিক দলগুলোতে নারী প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন। শুধু আইন করে নয়, দলগুলোর দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেন তিনি।
আরেক নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, শুধু সভা বা কর্মশালায় বসে কর্মপরিকল্পনা তৈরি করলেই নারীর সমতা নিশ্চিত হবে না। এজন্য মাঠপর্যায়ে কাজ করতে হবে।
নারী ভোটার বাড়ানোর ক্ষেত্রেও গ্রাম ও উপকূলীয় এলাকায় গিয়ে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। তার মতে, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি দিক হলো নির্বাচনে নারীদের অংশগ্রহণ।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে উল্লেখ করে তাহমিদা আহমদ বলেন, ভোটারদের অনুপাতে নারী প্রার্থীর সংখ্যা এখনও কম।