গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের মতপ্রকাশের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দায়িত্ব গ্রহণের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান ব্রিটিশ হাইকমিশনার। আলোচনায় গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং ভুল তথ্য মোকাবিলাসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
আন্দালিভ রহমান বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও গুরুত্বপূর্ণ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের অধিকার সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বে বিবেচনা করা প্রয়োজন। এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে।
সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে এ ক্ষেত্রে গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন ইয়াসের খান।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্ব দেন। ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অফিস অব কমিউনিকেশনস (অফকম) এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন সারাহ কুক।
সাক্ষাতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আরও কিছু বিষয় নিয়েও আলোচনা হয়।