আসামি গ্রেপ্তার কিংবা জরুরি অভিযানে বের হওয়ার সময় গাড়ির সংকটে পড়তে হতো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা-পুলিশকে। একই সময়ে একাধিক স্থানে দায়িত্ব পড়লে কখনো সিএনজি অটোরিকশা ভাড়া করেও ঘটনাস্থলে যেতে হয়েছে পুলিশ সদস্যদের। এবার সেই সংকট মোকাবিলায় ঈশ্বরগঞ্জ থানায় যুক্ত হলো একটি পুলিশ কভার ভ্যান।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু থানাটিকে গাড়িটি উপহার দিয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ও ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের হাতে কভার ভ্যানটির চাবি তুলে দেন সংসদ সদস্য মাজেদ বাবু।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানায় বর্তমানে ওসির ব্যবহারের জন্য একটি এবং দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য আরেকটি গাড়ি রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল, আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষার নানা কাজে এসব যানবাহন ব্যবহার করা হয়।
তবে একই সময়ে একাধিক এলাকায় অভিযান বা জরুরি দায়িত্ব পড়লে গাড়ির সংকট দেখা দিত। তখন প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যদের সিএনজি অটোরিকশা ভাড়া করে ঘটনাস্থলে যেতে হতো।
প্রায় ২৮৬ বর্গকিলোমিটার এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সীমিত যানবাহন নিয়ে কাজ করতে গিয়ে পুলিশকে বাড়তি চাপের মুখে পড়তে হয়েছে। নতুন কভার ভ্যান যুক্ত হওয়ায় এই চাপ কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, নতুন গাড়ি পাওয়ায় একাধিক এলাকায় একই সময়ে পুলিশি কার্যক্রম পরিচালনা সহজ হবে। এর ফলে থানার পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে।
সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো গুরুত্বপূর্ণ। ঈশ্বরগঞ্জ থানার যানবাহনের প্রয়োজন বিবেচনায় কভার ভ্যানটি দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গাড়িটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।