রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবি।
বুধবার দুপুরে সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিবি জানায়, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। ২৭ সেপ্টেম্বর করা মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত শনিবার রাতে প্রায় ৫০ জন ব্যক্তি নিউগিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ সময় তারা গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন।
একপর্যায়ে হামলাকারীরা সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বৈদ্যুতিক তার, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি।
নিউগিনি প্রপার্টিজ কর্তৃপক্ষের অভিযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাটে তাদের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে পুলিশ পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
এ মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া।
এর আগে গত সোমবার বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকা থেকে মামলার ৯ নম্বর এজাহারনামীয় আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ। তিনি কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা বলে মামলার সূত্রে জানা গেছে।