জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের নৌপথে যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে।
প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া জনপ্রতি সর্বনিম্ন নৌযাত্রার ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল ও নৌযানের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আগের ভাড়া নির্ধারণসংক্রান্ত সব প্রজ্ঞাপন ও আদেশও বাতিল করা হয়েছে।
নতুন ভাড়ার হার ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।