হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েক দিন পর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখলমুক্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির জায়গায় টাঙানো অন্য সাইনবোর্ড সরিয়ে পুনরায় স্থাপন করা হয়েছে ক্লিনিকের নিজস্ব সাইনবোর্ড।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিক সংশ্লিষ্টরা সাইনবোর্ডটি সরিয়ে ফেলেন। পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড সেখানে টাঙানো হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে সংস্কারকাজও শুরু হয়েছে।
তবে হামলার পরও ক্লিনিকটির চিকিৎসাসেবা বন্ধ হয়নি। ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান করে প্রয়োজনীয় সেবা দিচ্ছেন। পাশাপাশি ক্লিনিকের বাইরে চেয়ার-টেবিল বসিয়েও কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
এদিকে ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।