পিরোজপুরের ভান্ডারিয়ায় বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাইউম জেমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভান্ডারিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৪০ বছর বয়সী কাইউম জেমাদ্দার ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হামিদ জেমাদ্দারের ছেলে। তিনি এর আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশের ভাষ্য, সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাইউম জেমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেপ্তার কাইউম জেমাদ্দারের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।